আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬
বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর, চার্জারচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মনোয়ার হোসেন (৬১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৬ জন আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লছিরের বাগান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহতরা তিনটি চার্জারচালিত অটোরিকশাযোগে শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার তালঘড়িয়া বাজার এলাকায় এক কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের ডাঙ্গাপাড়া গ্রামের লছিরের বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে চার্জারচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনোয়ার হোসেন মারা যান। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন- রাফিয়া খাতুন (৫০), রাজিয়া সুলতানা (৩০), তার ২ বছর বয়সী শিশু আবু তোহা, হুনায়েব (২০), মোটরসাইকেল আরোহী মনসুর আলী (৫৫) ও মাহমুদ জুয়েল (৫২)।খবর পেয়ে ঘটনাস্থলে যান আদমদীঘি থানার এসআই রফিজুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনায় চার্জারচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানোর পর ট্রাক্টর, অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে যায়।
