ফের বাড়ছে গরম, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
সারাদেশে আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও (৭ মে) সিলেটসহ দেশের সব বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (৮ মে) ও রোববারও (১০ মে) দেশের তাপমাত্রা সামান্য বাড়ার ধারা অব্যাহত থাকবে। কেবল শনিবার (৯ মে) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই পাঁচ দিনের মেয়াদের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে।
