বগুড়ায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষে ‘চাকুরি মেলা` অনুষ্ঠিত
শিক্ষাজীবন শেষে নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জব ফেয়ারের আয়োজন করেছে টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া। শনিবার দিনব্যাপী দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়ন ও অ্যাসেট প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ড. সৈয়দা নওশীন পর্ণিনী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে।
সভাপতির বক্তব্যে রীতা রানী পাল বলেন, প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে, সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি জানান, জব ফেয়ারে অংশগ্রহণকারী স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষার্থীরা তাদের সিভি জমা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো যোগ্য নার্স ও মিডওয়াইফারিদের বাছাই করে কর্মসংস্থানের সুযোগ দিতে পারবে।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম (অশোকা ফেলো , পিএইচএফ এন্ড একেএস)। তিনি বলেন, টিএমএসএস সবসময় নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদেরকে কর্মমুখী না করতে পারলে দারিদ্র্য হ্রাস করা সম্ভব নয়। নার্সিং শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশে আরও উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন বগুড়া ডা. মোঃ খুরশীদ আলম, এসেট প্রকল্প এর উপ প্রকল্প পরিচালক আইডিজি (স্বাস্থ্য) ডা: মেহবুবা সাঈদ, বগুড়া বেসরকারী হাসপাতাল, ডায়োগনোস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন সভাপতি রোটা. ডা: মো: মুনসুর রহমান। সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম বলেন, টিএমএসএস নার্সিং কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা দক্ষতা ও প্রশিক্ষণের কারণে সহজেই চাকরির সুযোগ পাচ্ছেন।
এ ধরনের জব ফেয়ার নার্সিং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এছাড়াও উপস্থিত ছিলেন উপ-নির্বাহি পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদ উপদেষ্টা ও সদস্য টিএনসি গভর্নিং বডি আয়েশা বেগম, অধ্যক্ষ টিএমসি অধ্যাপক ডা: মো: জাকির হোসেন সহ আমন্ত্রিত অতিথি, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থী ও মেলায় আসা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। প্রথমবারের মতো আয়োজিত এ ‘জব ফেয়ারে‘ ১৪ টি প্রতিষ্ঠান মেলায় স্টলও দিয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতেই প্রধান অতিথি বেলুন উড়িয়ে চাকরি মেলার শুভ উদ্বোধন করেন।
