অধ্যক্ষ ও কমিটির দ্বন্দ্বে সংঘর্ষ, উত্তপ্ত মঙ্গলবাড়ি শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা ক
নওগাঁর মান্দা উপজেলার মঙ্গলবাড়ি শহীদ আব্দুল জব্বার মাধ্যমিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘদিনের প্রশাসনিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব সম্প্রতি চরম আকার ধারণ করেছে। হামলা, শিক্ষক লাঞ্ছনা ও পাল্টাপাল্টি অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, ২০০৪ সালে রাজনৈতিক প্রভাবের অভিযোগে তৎকালীন সময়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান।দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে আবুল কালাম আজাদ পুনরায় স্বপদে বহাল হন। তবে অভিযোগ রয়েছে, আব্দুল কুদ্দুস দায়িত্ব হস্তান্তর না করে কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয় এবং তাকে বরখাস্ত করা হয়। নতুন শিক্ষক নিয়োগ দিয়ে নিয়মিত পাঠদান চলছিল।কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আবার সক্রিয় হয়ে ওঠেন আব্দুল কুদ্দুস। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছেন এবং অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন।এমনকি শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে হামলার ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে।বর্তমানে পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
