Joy Jugantor | online newspaper

রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা ইউএনওর

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ১২ মার্চ ২০২৬

রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা ইউএনওর

রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা ইউএনওর

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি রিং জাল পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার কুজাইল দক্ষিণপাড়া এলাকার তারাপালের দহ নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।অভিযান চলাকালে তারাপালের দহকে মৎস্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।এ উপলক্ষে মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভয়াশ্রম রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “মাছে-ভাতে আমরা বাঙালি। তাই মাছ আমাদের গুরুত্বপূর্ণ খাদ্য সম্পদ। মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে। তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”