জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, আদালতের নির্দেশে সরছে সাড়ে পাঁচশো লিংক
ভারতের বহু অভিনেত্রী রয়েছেন, যাদের ছবি বা ভিডিও বিভিন্ন নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়া হয়। এবার এমনই অভিযোগে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন দিল্লির উচ্চ আদালত। ভারতীয় গণমাধ্যমের খবর, অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে মামলায় প্রায় সাত হাজার লিঙ্কের উল্লেখ ছিল। তার মধ্যেই আপাতত ৫৫২টি ইউআরএল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে চিহ্নিত এই লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়।ফ্যান পেজগুলোর বিষয়ে হাইকোর্ট স্পষ্ট করে বলেন, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজই স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে।
শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত।তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।জাহ্নবী কাপুরের করা এই মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও বাণিজ্যিক শোষণের বিষয়টি উঠে আসে। আদালত এসব স্পর্শকাতর ও বিকৃত কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে বিবেচনা করার ওপর জোর দেন।জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তিনি অভিনেতা রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেন। সিনেমাটি চলতি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।
