দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দুপচাঁচিয়া খাদ্যগুদাম চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সরাসরি পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন।”এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ১১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১০ হাজার ৭১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
