Joy Jugantor | online newspaper

শেরপুরে অগ্রণী ব্যাংকের ১৪ কৃষকের মাঝে কৃষি ঋণ ও গাছের চারা বিতরণ

শেরপুর (বগুড়) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৪১, ২৮ এপ্রিল ২০২৬

শেরপুরে অগ্রণী ব্যাংকের ১৪ কৃষকের মাঝে কৃষি ঋণ ও গাছের চারা বিতরণ

শেরপুরে অগ্রণী ব্যাংকের ১৪ কৃষকের মাঝে কৃষি ঋণ ও গাছের চারা বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে অগ্রণী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মির্জাপুর শাখা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রান্তিক ১৪ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ টাকা ঋণ এবং একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়।অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি টিএমসি বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুল রহমান। শাখা কর্মকর্তা সীমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত মহাপরিচালক আবুল কাশেম, অন্যান্যদের মধ্যে ঋণগ্রহীতা কৃষক মোস্তফা কামাল ও কবির হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক আবুল কাশেম বলেন,কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকরা যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই সরাসরি ব্যাংক থেকে ঋণ পেতে পারেন,তা নিশ্চিত করতেই এই প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন। আঞ্চলিক প্রধান মো. আরিফুল রহমান তার বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক সব সময় কৃষকের পাশে আছে। আজকের এই ঋণ বিতরণ কেবল একটি আর্থিক লেনদেন নয়, এটি কৃষকদের প্রতি আমাদের আস্থার প্রতিফলন। পাশাপাশি পরিবেশ রক্ষায় আমরা কৃষকদের মাঝে আম গাছের চারা দিচ্ছি, যা ফল ও ছায়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখবে।কৃষক মোস্তফা কামাল বলেন, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আমরা টাকা হাতে পেয়েছি। এই টাকা দিয়ে আমি সঠিক সময়ে সার ও বীজ কিনতে পারব। গাছের চারাটি পেয়েও আমরা খুব খুশি।অনুষ্ঠান শেষে সভাপতি সোহেল রানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কৃষি খাতের উন্নয়নে ব্যাংকের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।