জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালী ও আলোচনা সভা
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিবসটি উদ্যাপিত হয়।এদিন সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে ওই চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এসপি অফিস মোড় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আইন সহায়তার ছয়টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর ওই চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। পরে আদালতের তৃতীয় তলায় শহীদ সোহেল-জগন্নাথ হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সিভিল সার্জন ডা: আল মামুন ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ।সভায় বক্তারা সরকারি আইনি সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করেছে।আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসের গত এক বছরের কার্যক্রমের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। তথ্যানুযায়ী, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনি পরামর্শের মাধ্যমে সাধারণ মানুষ নানা সুফল পেয়েছে। গত এক বছরে জেলায় মোট ৬৯৯টি আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এক হাজার ১২৪টি পরামর্শ দেওয়া হয়েছে। প্রি-কেইস এডিআর মামলা ৬৯৩টি ও এডিআর পোষ্ট কেইস মামলা ৮৭টি। আপোস-মিমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা টাকা উত্তোলন করে দেওয়া হয়েছে।
