আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের হকির বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। আগেই টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলার মেয়েরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাছাই পর্বের সেমিফাইনালে আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন।
চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ১-১ সমতায় থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দু'দল।দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এতেই ৩-১ গোলের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের শেষ দুই মিনিটে বাংলাদেশকে বেশ চাপে রাখে সিঙ্গাপুরের মেয়েরা। তবে গোলের দেখা পায়নি তারা। এতেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পান আইরিন রিয়া।
