প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৯ হাজার রান কোহলির
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। সোমবার (২৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হন কোহলি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে ২৭৫ ম্যাচের ২৬৭ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে ৯০১২ রান করেছেন তিনি।
কোহলির সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১১৩। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার। ২৭১ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৪৮ ফিফটিতে ৭১৮৩ রান করেছেন রোহিত। ২২১ ইনিংসে ৬৭৬৯ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান। এরপর আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার। ১৮৪ ইনিংসে ৬৫৬৫ রান করেছেন তিনি। ৯ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়ার দিন কোহলির ব্যাঙ্গালুরু ৯ উইকেটে হারিয়েছে দিল্লিকে। প্রথমে ব্যাট করে দুই পেসার ভুবেনশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৮ রানে ৬ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউ হয় তারা। জবাবে ৮১ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু।
