ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের
কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। গত বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ঐ ম্যাচে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। পরে আর ব্যাট হাতে নামতে পারেননি স্যান্টনার। চলতি আসরে ৪ ম্যাচ খেলার সুযোগ পান স্যান্টনার। ওভারপ্রতি ৮.৯২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। ইতোমধ্যে স্যান্টনারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগেও আইপিএলে খেলেছেন মহারাজ। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে দুই ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেন তিনি। সারা বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে মহারাজের। ২১৮ ম্যাচের মধ্যে ২০৮ ইনিংসে বল করে ১৯১ উইকেট শিকার করেছেন তিনি। এরমধ্যে দেশের হয়ে ৫৪ ম্যাচে ৫৫ উইকেট আছে মহারাজের ঝুলিতে। চলতি আইপিএলে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ৭ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে মুম্বাই।
