Joy Jugantor | online newspaper

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

এককালের সুপারহিট মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স তার নিজস্ব গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ‘…বেবি ওয়ান মোর টাইম’ ও ‘উপস…আই ডিড ইট এগেইন’-এর মতো অসংখ্য হিট গান গেয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ব্রিটনি এই পদক্ষেপ নেন যা তার দীর্ঘদিনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত।মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ব্রিটনির সঙ্গে প্রাইমারি ওয়েভ নামের প্রতিষ্ঠানের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। তবে আইনি নথিতে অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।প্রাইমারি ওয়েভ এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যারা হুইটনি হিউস্টন, বব মার্লে, প্রিন্সের মতো শিল্পীদের গানের মেধাস্বত্বের মালিকানা ধরে রাখে। তারা গান সম্প্রচার, অ্যালবাম বিক্রি, সিনেমা বা বিজ্ঞাপনে ব্যবহারের মাধ্যমে রাজস্ব অর্জন করে।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটনির পাশাপাশি ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, শাকিরা এবং কিস-এর মতো শিল্পীরাও তাদের গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ২০২৩ সালে কানাডার পপ তারকা জাস্টিন বিবারও একই পথে যান।সাম্প্রতিক বছরগুলোতে গানের পরিবর্তে বিতর্ক আর কেলেঙ্কারির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। এমটিভির মতো মিউজিক চ্যানেলের পর্দায় তার উপস্থিত ছিল সার্বক্ষণিক কিন্তু সেই এমটিভিও সাথে ব্রিটনির সুদিনও অনেক আগেই ফেরারি হয়েছে। ব্রিটনির ক্যারিয়ারের শুরু থেকেই আর্থিক বিষয় দেখভাল করেছেন তার ম্যানেজার এবং বাবা জেমি স্পিয়ার্স।

পরবর্তীতে ব্রিটনি দাবি করেন, তার বাবা তাকে অর্থনৈতিকভাবে প্রতারণা করেছেন। ২০২১ সালে আদালতের নির্দেশে ব্রিটনির ১৩ বছরের ম্যানেজার চুক্তি বাতিল হয়।গানের জগতে দীর্ঘদিনের অবসর নেওয়া ব্রিটনি তার সর্বশেষ একটি ডুয়েট প্রকাশ করেছিলেন ২০২৩ সালে এবং ২০২৪ সালে জানান তিনি আর মূলধারার সঙ্গীতজগতে ফিরবেন না তবে সাময়িকভাবে ফিরতে পারেন।গানের মেধাস্বত্ব বিক্রি করা এই প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেশ প্রচলিত হয়ে উঠেছে যেখানে শিল্পীরা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্ট্রিমিং যুগে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই পদ্ধতি বেছে নিচ্ছেন।