শেরপুরে বিস্কুট কারখানায় তেলাপোকা, শিল্পে ব্যবহারের লবণ, ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরির অভিযোগে "বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি" নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শেরুয়া বটতলা এলাকায় ( ধড়মোকাম) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার শেরুয়া বটতলা এলাকায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।
অভিযানকালে কারখানায় নানা অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি, খাবার তৈরিতে শিল্পে ব্যবহারের লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) ব্যবহার, কেক ও বিস্কুট রাখার স্থানে অসংখ্য তেলাপোকা উপদ্রপ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। অভিযানে জব্দ করা শিল্পে ব্যবহারের লবণ ও পাঁচ ট্রে কেক জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।এ ছাড়া সব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
