Joy Jugantor | online newspaper

গাবতলীতে স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাবতলীতে স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্র আব্দুর রহমান (১৩) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকুমারা হাট-সংলগ্ন মোকামতলা-সোনাতলা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু, স্থানীয় আব্দুল মানিক, কিনু মিয়া, ইলিয়াস উদ্দিন, আরিফুল ইসলাম, মুক্তার হোসেন, সুলতান মাহমুদ, রকি, আলম হোসেন, সাবান মিয়া, শহিদুল ইসলাম, রবি বেগম, মরজিনা বেগম, মিনি বেগম, তহমিনা আক্তার শাপলা বেগমসহ অনেকে।মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্র আব্দুর রহমানকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান তারা।

উল্লেখ্য, গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আমিরুল শেখের ছেলে স্কুলছাত্র আব্দুর রহমান গত ১৫ সেপ্টেম্বর সকালে বাবার অটোরিকশা নিয়ে রোজগারের জন্য বাড়ি থেকে বের হয়। পরে যাত্রীবেশে একদল দুর্বৃত্ত রহমানের ভ্যানে উঠে সোনাতলা থানার লোহাগাড়া পূর্বপাড়া এলাকায় তাকে মারধর করে নির্মমভাবে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।এ ঘটনায় নিহত আব্দুর রহমানের বাবা আমিরুল শেখ সোনাতলা থানায় একটি মামলা করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।