সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে মহানগরের সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ডাঃ এনসি বাড়ই, সহ-সভাপতি চন্দন চক্রবর্ত্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি অমৃত লাল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, সহ-সভাপতি চন্দ্রন চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল আগারওয়ালা, জীবন দাস, রিপন ঘোষ, সমর দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রাম নারায়ন কানু, সুবির দত্ত, গোপাল দেওয়ারী, শুভ প্রসাদ, কংগো চক্রবর্ত্তী, প্রভাত কুমার সাহা।
উত্তম রায়সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত কিংবা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না। ধর্মীয় কাজে বাধা প্রদান করা কোন ধর্মীয় রীতি নয়। কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে। তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির নিয়ে হুমকি ও ধর্মীয় অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার দাবি তোলেন। এসময় জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয় সাতমাথা এলাকা।
