সান্তাহারে চাচার কামড়ে ভাতিজার গোপনাঙ্গে গুরুতর জখম, থানায় অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামাণিকপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচার কামড়ে এক কিশোরের গোপনাঙ্গে গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আহত কিশোরের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বাড়ির মাঝখানে দেয়াল নির্মাণ করে তারা আলাদা বসবাস শুরু করেন। এরই মধ্যে বাড়ির একটি ঘর সংস্কারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে অভিযুক্ত চাচা ও তার স্ত্রী প্রতিপক্ষের বাড়িতে প্রবেশ করে লোহার রড দিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় অভিযুক্ত চাচা তার ভাতিজার গোপনাঙ্গে কামড় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।স্থানীয়রা জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।আদমদীঘি থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কিশোরের চিকিৎসা শেষে মামলা দায়ের করা হবে বলে পরিবার জানিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা ও তার স্ত্রী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
