দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বগুড়ার দুপচাঁচিয়ায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় সহকারী হৃদয় (২৫) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিষিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি আমবোঝাই ট্রাক বগুড়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও সহকারী হৃদয় গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত সহকারী হৃদয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
