বগুড়ার শিবগঞ্জে বাসে ইয়াবা পাচারকালে আটক ১
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আজ সোমবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে শিবগঞ্জ থানাধীন ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের G-4 সিটে বসা টিকিটবিহীন যাত্রী মোঃ জয়নাল (৫৫)-এর দেহ তল্লাশি করে ৮টি প্যাকেটে রাখা মোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১৬০ গ্রাম।গ্রেফতার জয়নাল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযানে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, এ মাদক চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
