দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আবুল বাশার সাময়িক বরখাস্ত
বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহরুখ খান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে প্রধান শিক্ষক আবুল বাশার একটি ফৌজদারি মামলায় কারাগারে রয়েছেন।জানা যায়, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতির স্বাক্ষর না নিয়ে সাবেক সভাপতি মরহুম মোজাফফর হোসেন টিটুর স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার যৌথ হিসাব থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। এছাড়া রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে প্রতিষ্ঠানের হিসাবের কোনো লেনদেনের তথ্যও যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।তদন্তে আরও উঠে আসে, চলতি এসএসসি পরীক্ষা পরিচালনায় অনিয়ম, কেন্দ্র তহবিলের ৩ লাখ ৭১ হাজার ৯৭৮ টাকা জমা না দেওয়া, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শক ও হল সুপারদের সম্মানী যথাসময়ে পরিশোধ না করা এবং বিষয়ভিত্তিক শিক্ষকদের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগ।এছাড়া বিদ্যালয়ের পুকুর পত্তনির ৭০ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা না দেওয়া, ডিজিটাল ল্যাবের ৩টি ল্যাপটপ আত্মসাৎ এবং পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ছবি পরিবর্তন করে প্রক্সি পরীক্ষার সুযোগ করে দেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে।
