সান্তাহার সিএসডিতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম এবং এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ১৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।এছাড়া চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে।
