Joy Jugantor | online newspaper

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ৮ মে ২০২৬

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে সিঁধকেটে ঢুকে পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চুরি করতে আসা সেলিম মিয়া (৩২) নামে এক  যুবক গণপিটুনিতে মারা গেছে। এ সময় অন্য দুই ব্যক্তি নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আজ শুক্রবার (৮ মে) সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেলিম মিয়া বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার পর তিন সন্দেহভাজন চোর সিঁধ কেটে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বসতবাড়িতে প্রবেশ করেন। বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলেন। পরে সেলিম মিয়াকে আটক করা হয়। অন্য দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় উত্তেজিত গ্রামবাসীরা বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।ভ‍ুক্তভোগী পরিবারের সদস্য চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, “সিঁধ কেটে দুই চোর তাদের ঘরে প্রবেশ করে। এরপর তাকে ও তার শিশু সন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়। চোররা ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গহনাও নিয়ে যায়।”

তিনি আরও জানান, চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা চিৎকার দেন। এ সময় তার ভাসুর এক চোরকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে এক চোরকে আটক করে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের একটি বাড়িতে সিঁধকেটে ঢুকে চুরি করতে এসে জনগণের পিটুনিতে সেলিম নামে এক চোর মারা গেছেন। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চুরি ও হত্যার ব্যাপারে পৃথক মামলা হবে। এ ব্যাপারে থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা করলে তদন্ত সাপেক্ষে সেটি গ্রহণ করা হবে।