বগুড়ায় চুরি হওয়া মালামাল উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় সংঘটিত চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ির পুলিশ।মামলা সূত্রে জানা যায়, চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম শিমুল (৪১) সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তার বড় ভাই কুয়েত প্রবাসী এবং ভাবি মোছাঃ সানজিদা আক্তার তনু ছেলে-মেয়েকে নিয়ে নিজ বাসায় বসবাস করেন। গত ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১১টার দিকে তিনি বাসার দরজা ও মেইন গেট তালাবদ্ধ করে মেয়েকে নিয়ে স্কুলে যান।
প্রায় আধাঘণ্টা পর বাসায় ফিরে এসে দেখতে পান বাসার তালা ভাঙা এবং শয়নকক্ষের আলমারি খোলা অবস্থায় পড়ে আছে।পরে খোঁজ নিয়ে দেখা যায়, আলমারিতে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৬ হাজার ১ টাকা, ৩ হাজার টাকার প্রাইজবন্ড, ৫০ ডলারের একটি নোট এবং দুটি মোবাইল ফোন চুরি হয়েছে।ঘটনার পর সদর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
