Joy Jugantor | online newspaper

আজ থেকে মাঠে গড়াচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আজ থেকে মাঠে গড়াচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ

আজ থেকে মাঠে গড়াচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। ফলে এই ফাঁকা সময়ে জাতীয় দল ও 'এ' দলের ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আড়াই কোটি টাকার এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ থেকে। উদ্বোধনী খেলায় আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামছে ধুমকেতু-দুরন্ত। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বেশির ভাগ ক্রিকেটার খেলছে ধুমকেতুর হয়ে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়াও দুরন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী। উদ্বোধনী দিনের খেলা মাঠে গড়ানোর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট বোর্ড।

ধুমকেতু দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান নিজ দল নিয়ে আশাবাদী তিনি। বলেন, 'যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম, অনেক দিন একসঙ্গে ছিলাম। তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন চিন্তা করার সুযোগ নেই। পারফরম্যান্স আসবে কিনা, সেটা পরের ব্যাপার, ছেলেরা যেন সেরাটা দেয়।' এছাড়াও এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য নিয়ে সালাহউদ্দিন বলেন, 'দিন শেষে ছেলেদের মাঠে রাখা খুব জরুরি। ছেলেরা যেন খুশি থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। খেলা যেন উপভোগ করে। বিশ্বকাপ যেহেতু খেলছে না, সবারই একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। চেষ্টা করা হচ্ছে তারা যেন উপভোগ করে।'

দেশের ক্রিকেটে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে সাকিব আল হাসানের আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে। সালাহউদ্দিনের প্রিয় শিষ্যদের মধ্যে সাকিব অন্যতম। আবারও সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে তিনি বলেন, 'সাকিবের মতো খেলোয়াড় কম আছে। সবচেয়ে বড় কথা হলো সাকিব দলে থাকলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার, একটা বোলার দুই দিকেই পাবেন। সাকিব যদি ফিট থাকে, তাকে যে কেউই চাইবে। এটা প্রশ্ন করার মতো বিষয় না।' এছাড়াও সালাহউদ্দিন বলেন, 'যদি কেউ বলে যে, সাকিবকে আমি দলে চাই না। আমার মনে হয় তাহলে এখনো সে বোকার স্বর্গে বাস করছে।'

অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে যত উত্তেজনা ছড়াচ্ছে, তার সবকিছুর সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে। সালাহউদ্দিন জানান তার সঙ্গে মোস্তাফিজের কথা হয়েছে। তবে এসব নিয়ে ভাবছেন না ফিজ। বলেন, 'মোস্তাফিজের কাছ থেকে এটা শেখার ভালো একটা জিনিস। এতগুলো টাকা, বলেন, ও তো হতাশায় পড়তে পারত। সে জানে এটা নিয়ন্ত্রণের কিছু নেই তার হাতে। আমি মোস্তাফিজের কাছ থেকে এই জিনিস শিখেছি, অন্যরাও হয়তো শিখবে।'