গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড। খবর সিএনএনেরতিনি বলেন, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা ন্যায়সঙ্গত ছিল না। একই সঙ্গে ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিন্দা অব্যাহত রাখার কথাও জানান তিনি।সুইডেন সরকার আনুষ্ঠানিকভাবে ওই নাগরিকের নাম প্রকাশ না করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে কুরোশ কেয়ভানি হিসেবে শনাক্ত করেছে। গত বছর তাকে গ্রেপ্তার করা হয় এবং ইসরায়েলের পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
সুইডেন জানায়, ২০২৫ সালের জুনে গ্রেপ্তারের পর থেকেই বিভিন্ন পর্যায়ে ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়। এসব আলোচনায় অভিযুক্তের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।কেয়ভানি সুইডেন ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন। ২০২৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনি তৃতীয় ব্যক্তি। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর একই অভিযোগে অন্তত ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।বর্তমানে ইরানে শতাধিক বন্দি মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন, যাদের মধ্যে অনেকেই রাজনৈতিক বন্দি বলে বিবেচিত।সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড একটি অমানবিক, নিষ্ঠুর এবং অপরিবর্তনীয় শাস্তি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে আমরা সব পরিস্থিতিতেই এর প্রয়োগের নিন্দা জানাই।
