Joy Jugantor | online newspaper

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:২৫, ২৬ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:২৭, ২৬ জানুয়ারি ২০২২

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সড়ক দুর্ঘটনা কবলিত বাস-অটোরিকশা।

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নিহতের কারো নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এদের মধ্যে একজন নারী এবং বাকিরা পুরুষ।

উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকার রাণীরহাট মোড় এলাকায় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক নাদির হোসেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়ার দিকে আসছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। চারলেনের চলমান কাজের জন্য মির্জাপুর এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ।

এ কারণে অটোরিকশাটি খানাখন্দ এড়িয়ে একেঁবেকেঁ চলছিল। এমন সময় উল্টো দিক থেকে হানিফ পরিবহনের ওই বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গেলে অটোরিকশাটি সামনে পড়ে। এতে যাত্রীসহ অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে।

নাদির হোসেন জানান, এ ঘটনায় অটোরিকশার পাঁচ জন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর একজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আমাদের হেফাজতে নেয়া হয়ে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।