গাইবান্ধায় মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে মারার চেষ্টা, ছেলে গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এক মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জাকিরুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।অভিযুক্ত জাকিরুল ইসলাম ওই গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকিরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।রোববার সকালে জাকিরুল তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে।
কিন্তু তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তার মা ঘরে আশ্রয় নিলে জাকিরুল ওই ঘরে আগুন ধরিয়ে দেয়।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ছুটে এসে জোবেদা বেগমকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়রা জাকিরুলকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জাকিরুল ইসলামকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
