আলাইকুড়ি ও শ্যামাসুন্দরী নদী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক তদারকির দাবি
রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ ও প্রবাহহীনতা নিরসনে সমন্বিত উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল ও ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘আলাইকুড়ি ও শ্যামাসুন্দরী নদীর দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সঞ্চালনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব। সম্মানিত অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন রংপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক।
মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ বলেন, দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো ও নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথি আবু জাফর সরকারি দপ্তরগুলোর সমন্বয় ও পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। প্রকৌশলী ড. সরফরাজ বান্দা নদীর স্বাভাবিক প্রবাহ ও পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৌশলী মো. আহসান হাবিব প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন। প্রকৌশলী মো. হাফিজুল হক এবং মো. আশরাফুল আলম প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম নদী সংরক্ষণকে পরিকল্পিত নগরায়ণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তরুণ কুমার সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, নদী রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নে স্বচ্ছতার দাবি::সভায় জানানো হয়, শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে ১৪ কোটি এবং আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা প্রকল্পের কাজের পরিধি, খননের পরিমাণ, বাস্তবায়নের সময়সীমা, মোট ৪৪ কোটি টাকার খাতভিত্তিক ব্যয় ও দরপত্র প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান। পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, সীমানা নির্ধারণ, বর্জ্য ও নর্দমার পানি প্রবেশ বন্ধ এবং স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন: : প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে।
বক্তারা বলেন, নদী দুটিকে পুনরুদ্ধারে শুধু খনন নয়, দখল ও দূষণমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি।
