বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু,মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন ,
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।
জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ (টি-১ আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মমতা। পরে রেললাইন থেকে তাঁর মরদেহ সরিয়ে নেওয়ার আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়।স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহটি স্টেশনে রয়েছে। নিহতের স্বজনেরা সেখানে আসছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
