চলন্ত ট্রেনের খাবারের বগিতে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার
ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারের বগিতে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বকর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।গ্রেপ্তার আবু বকর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।এ ঘটনায় ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার দিবাগত রাতে ঘটে।
মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী রোববার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি না থাকায় তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন।ওই নারীর অভিযোগ, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তার শ্লীলতাহানি করেন।
পরে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বকর সিদ্দিক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বকরকে আটক করে।বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।