Joy Jugantor | online newspaper

সরকারি জমি দখল করে প্রেসক্লাব নির্মাণের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ৩০ আগস্ট ২০২৬

সরকারি জমি দখল করে প্রেসক্লাব নির্মাণের অভিযোগ

সরকারি জমি দখল করে প্রেসক্লাব নির্মাণের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি জমি দখল করে প্রেসক্লাবের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার
রাতের কোন এক সময় টিন দিয়ে ওই স্থাপনাটি নির্মাণ করে দখল করা হয়েছে। সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন পূর্বপাশে সড়ক ও জনপথের জায়গাটি বিগত আওয়ামী লীগের সময় দলীয় লোকজন বাঁশের বেড়া দিয়ে ঘিরে প্রায় ১০ বছর নিজেদের দখলে রেখেছিল। ২৪শে গণঅভ্যুত্থানের পর ওই জায়গাটি ফাঁকা পড়েছিল।

হঠাৎ করে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে টিনের ঘর নির্মাণ করে সেখানে ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে দখল করার অভিযোগ উঠেছে।কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের প্রয়োজন থাকলে নিয়ম অনুযায়ী জায়গা বরাদ্দ নেওয়া উচিত। অনুমোদন ছাড়া সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে আরও অনেকে একইভাবে সরকারি জমি দখল করতে উৎসাহিত হবে। দখলমুক্ত করে সরকারি জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা উচিত। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের দখলে চলে গেলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। সাংবাদিকদের সংগঠনের নামে হলেও সরকারি জমি ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা জরুরি।

সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। অথচ প্রকাশ্য স্থানে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ হলেও বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে জমিটির মালিকানা, খতিয়ান, দাগ ও বর্তমান দখল পরিস্থিতি যাচাই করা হোক। একই সঙ্গে স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমোদন বা বৈধ বন্দোবস্ত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের প্রত্যাশা করেছেন এলাকাবাসী। ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বলেন- আমাদের সংগঠনের কোন জায়গা না থাকায় বসার মতো পরিবেশ ছিলো না। আর ওই জায়গাটি দীর্ঘদিন থেকে ফাঁকা পড়েছিল। হাবিব নামে এক ব্যক্তি ওই জায়গাটি ৩০ হাজার টাকায় পজিশন নিয়ে রেখেছিল।

তার কাছ থেকে জায়গাটি নিয়ে সংগঠনের ঘর নির্মাণ করা হয়েছে। রাতে না, দিনের আলো থেকেই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা বলেন, সরকারি অনুমোতি ছাড়া কেউ সম্পত্তি দখল করতে পারবে না। সাংবাদিক বা কোন ব্যক্তি যেই হোক না কেন যদি দখল করে তাহলে জবরদখল। সড়ক ও জনপথের ওই জায়গাটি দখল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) অবগত করা হয়েছে। এছাড়া থানাতেও লিখিত ভাবে জানানো হয়েছে।

ধমাইরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বলেন, ওই জায়গাটি সড়ক ও জনপথের হওয়ায় আমাদেরকোন করনীয় নেই। তবে তারা যদি সংশ্লিষ্ট বিষয়ে কর্তপক্ষকে অবগত করে তাহলে পরবর্তীতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা তা বাস্তবায়ন করবো।নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোছাঃ সুলতানা খানম বলেন- বৃহস্পতিবার রাতের ঘটনা হওয়ায় বিষয়টি অবগত না। তবে ঘটনাস্থলে অফিসের লোক পাঠানো হবে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।