৩০০ টাকা চুরির সন্দেহে লাঠির আঘাত, হাসপাতালে রাজমিস্ত্রির মৃত্যু
বগুড়ার সোনাতলায় মাত্র ৩০০ টাকা চুরির সন্দেহে এক রাজমিস্ত্রিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শাকিল (৩০) নামে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে নিজ বাড়ির সামনে বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শাকিল দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে।
তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাকিলের বিরুদ্ধে চুরির সন্দেহ করেন একই এলাকার মো. ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবু (২৭) এবং মৃত রাশেদ মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (১৫)। এ নিয়ে শাকিলের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।মাত্র ৩০০ টাকা চুরির সন্দেহে একজন মানুষের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই না করে শারীরিকভাবে আঘাত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩০০ টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
