গাবতলীতে বিএনপির ইফতার মাহফিল লালসার ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজের আহ্বান এমপি মিল্টনের
গাবতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে অনিয়ম-দুর্নীতি, লুটপাট এবং বিরোধী দল দমন-পীড়নে ব্যস্ত ছিল। ইঙ্গিত করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। বর্তমান বিএনপি সরকার কর্মসংস্থান সৃষ্টি ও নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল শনিবার গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গদল আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর।প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।
