‘ক্যাপ্টেনস কার্ড বৈষম্যমূলক’— বিসিবির ওপর ক্ষুব্ধ তাপস বৈশ্য
সাবেক অধিনায়কদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য। এটা অন্য সাবেক ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিসিবির ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেন তাপস বৈশ্য। তিনি লেখেন, 'এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলবো, এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়ার!'
সাবেক স্পিনার রফিকের উদাহরণ টেনে তাপস লেখেন, 'রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনখোরা অধিনায়ক এসি বক্সে…।'এমন বৈষম্যের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, 'কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে……। যারা কার্ড পেয়েছে, তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে……। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি……। এই যুগে এটা চরম বৈষম্য…। আমি চাই, আর যেন কখনোই কোনও সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়… সব দেখা হয়ে গেছে…।'
