ইনজুরিতে মাঠের বাইরে হামজা চৌধুরী, বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ
ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে দুশ্চিন্তা এখন বাংলাদেশেরও। কেননা আগামী মাসে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। এই মুহূর্তে দলের সবচেয়ে বড় তারকা ম্যাচ দুটি খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।গত শনিবার লিস্টার সিটির হয়ে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হামজা।
সে দিন ম্যাচের আধ ঘণ্টায় মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পাওয়ার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের এই তারকা ফুটবলারকে।ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে (হামজা) পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানোর কথাও জানান তিনি।
লেস্টার সিটি ভিত্তিক কিছু ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। এ জন্য ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই মিডফিল্ডারকে। আশার দিক হচ্ছে অস্ত্রোপচারের দরকার হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভালের করবে লেস্টার সিটি। তবে তার সেরে ওঠার প্রক্রিয়ার দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)।বাংলাদেশ দল এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে ৩১ মার্চ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাফুফে সূত্র।
