Joy Jugantor | online newspaper

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস!

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস!

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে  খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগেই ইডেনে দর্শকখরার আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। আরও জানা যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিটের যে স্টলগুলো দেওয়া হয়েছে, সেখানে হাতে গুনে ছ’জনের বেশি দেখা যায়নি।

ইডেন গার্ডেন্সে সব মিলিয়ে ৬৫ হাজার দর্শকাসন। অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে জানিয়েছে আনন্দবাজার। য়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫ টিকিট কিনেছেন দর্শকরা। ইংল্যান্ড-ইতালি ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা ৪৯৭০। ওয়েস্ট ইন্ডিজ-ইতালির খেলা দেখতে আসবেন এখনও পর্যন্ত ১২৪৮ জন।

সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ দেওয়া হয়নি ক্রিকেটের নন্দনকাননে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ না আসায় যে আগ্রহ ছিল দর্শকদের, সেটাও চলে গিয়েছে।ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অবশ্য ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজন করার যে মূল্য তারা পাচ্ছে তাতেই খরচ উঠে আসছে। মাঠে দর্শক আনার জন্য বাড়তি কিছুও করা হচ্ছে না। বিশ্বকাপকে ঘিরে শহরে কোনও আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। বরং ঘরোয়া লিগের ম্যাচ ঘিরে অনেক বেশি চর্চা হচ্ছে।