নন্দীগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে আগুন, পুড়ল খড়ের গাদা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। প্রায় ১০ বিঘা জমির খড় (গরু খাদ্য) পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করায় বসতবাড়ি রক্ষা পেয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বারইপাড়া গ্রামে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়ির পাশে গরুর খাদ্য (খড়) মজুদ রেখেছিলেন ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, বারইপাড়া নিজ গ্রামে বসতবাড়িতে গরু পালন করেন মাহাবুর রহমান ও তার ভাই।
গরুর খাদ্য হিসেবে বাড়ির পাশে ১০ বিঘা জমির খড় মজুদ রাখেন। মঙ্গলবার রাতে হঠাৎই খড়ের গাধায় আগুন লাগে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমার প্রতিপক্ষ থাকতে পারে। কিন্তু গরুর সঙ্গে শত্রুতা কেন। ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করায় আমার বসতবাড়ি রক্ষা পেয়েছে। শত্রুতা করে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন মাহাবুর রহমান।
