দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ভাইফোঁটা উৎসব পালিত
বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা বুধবার (১১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এ উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বয়ে যায় আনন্দ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য আবহ।এ উৎসবকে ঘিরে বুধবার ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে শুরু হয় নানা আয়োজন। বোনেরা উপবাস থেকে ধান, দূর্বা, চন্দন, কাজল ও ঘিয়ের প্রদীপ সাজিয়ে প্রিয় ভাইকে বরণ করে নেন।
এরপর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বোনেরা ছড়া কাটেন—‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা।’ফোঁটা দেওয়ার পর বোনেরা ভাইকে মিষ্টিমুখ করান এবং ভাইয়ের মঙ্গল কামনায় আশীর্বাদ করেন। অন্যদিকে ভাইয়েরাও বোনের সারাজীবনের সুখ, শান্তি ও নিরাপত্তার অঙ্গীকার করেন। পাশাপাশি সাধ্যমতো বোনের হাতে উপহার তুলে দেন।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস জানান, ভাইফোঁটা সামাজিক ও পারিবারিক সম্প্রীতির এই মহোৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা ও দায়িত্ববোধের এক জীবন্ত প্রতীক।