শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা
বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা রোধ এবং নারী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাফি, রানা ও শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা।সভায় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে নারী শিক্ষার বিস্তার ঘটানো এবং শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
