মান্দায় ১৩৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
নওগাঁর মান্দায় গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, যাতায়াত সহজীকরণ ও দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাঁদের দায়িত্ব পালনে নিয়মিত বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।’তিনি আরও বলেন, ‘গ্রাম পুলিশের যাতায়াত সহজ করা এবং তাঁদের সেবার মান আরও গতিশীল করতেই সরকারের এ উদ্যোগ। নতুন বাইসাইকেল পাওয়ায় তাঁদের দৈনন্দিন কাজের গতি বাড়বে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।’সংশ্লিষ্টরা জানান, গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে থাকেন। বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
