পূর্ব শত্রুতার জেরে কেটে দিলো কৃষকের ক্ষেতের সব লাউ গাছ! আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাহানুর (৩৫) নামে এক চাষীর ফলন্ত লাউ ক্ষেতের সমস্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকের পরিবার। ভুক্তভোগী কৃষক সাহানুর মিয়া উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনকপাড়া গ্রামের ইউসুব আলীর ছেলে। সোমবার (১২ অক্টোবর) ভোর বেলায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দক্ষিন গনকপাড়া গ্রামের ফসলী জমির মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাহানুর মিয়ার পরিবারের মধ্যে অসহায়ত্ব এবং আতংক বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, কৃষক সাহানুর মিয়া ও তার পরিবার জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। চলতি মৌসুমে তিনি প্রায় দুই বিঘা জমিতে শীতকালীন সবজি লাউ আবাদ করেছিলেন।
বর্তমানে প্রতিবেশীদের দায়ের করা মামলায় কৃষক সাহানুর মিয়া জেল হাজতে থাকায় ওই ক্ষেত থেকে লাউ বিক্রি করে সংসার চলন তার স্ত্রী লাবনী বেগম (৩০) । সোমবার ভোরে ক্ষেতে লাবনী বেগম তার ছেলে হাবিব হাসান (১০) সহ স্থানীয় দুই একজনকে সাথে নিয়ে জমিতে লাউ তুলতে গেলে তারা দেখেন, তাদের প্রতিবেশী সুখটু, আসমা, বেলাল,তারা ও রফিকুল কাস্তে হাতে সমস্ত লাউ গাছ কেটে ফেলা অবস্থায় লাবনী বেগম সহ সকলের উপস্থিতি টের পেয়ে দ্রুত শটকে পড়ে।স্থানীয়রা জানান, কৃষক শাহানুর মিয়ার পরিবারের সাথে তাদেরই প্রতিবেশী রফিকুল গংদের সাথে প্রায় ২০ বছর ধরে জমি জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে মামলা হামলা জেল জুলুমের শিকার হয়ে আসছে। তাদের জনরোষে প্রায় এক দেড় মাস ধরে জেল হাজতে রয়েছেন শাহানুর। তার অনুপস্থিতিতে প্রায় দুই বিঘা পরিমাণ জমির উপর লাগানো লাউ ক্ষেতের সমস্ত গাছগুলো কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
ভুক্তভোগী কৃষানী লাবনী বেগম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার সঙ্গে পারিবারিক বিরোধে জড়িত এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় তারাই তার এই ক্ষতি করেছে।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহল সাংবাদিকদের জানায়,আমরা সরে জমিনে পর্যবেক্ষণ করবো। তিনি, ভুক্তভোগী কৃষক পরিবারকে আইনি সহযোগিতাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাংবাদিকদের। এমত অবস্থায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেছেন একই সাথে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
