ছড়িয়ে পড়া অডিও আমার নয়, এআই দিয়ে তৈরি সংবাদ সম্মেলনে : সুজাউদ্দৌলা সুজা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও কল রেকর্ডকে নিজের বলে অস্বীকার করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সুজাউদ্দৌলা সুজা। তাঁর দাবি, অডিওতে থাকা কণ্ঠস্বর তাঁর নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি বা সম্পাদনা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় অডিওটির সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।আজ সোমবার (১২ অক্টোবর) ভরতখালী হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সুজাউদ্দৌলা সুজা। তিনি মৃত আবদুল গনি সরকারের ছেলে।সংবাদ সম্মেলনে সুজাউদ্দৌলা সুজা জানান, সম্প্রতি সাঘাটা উপজেলার ভরতখালী হাটের খেয়াঘাটে একটি তেলের লরি আটকানোকে কেন্দ্র করে এলাকায় অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর অভিযোগ, এ ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১০ অক্টোবর বিকেলে ভরতখালী হাটে একটি বিক্ষোভ মিছিলের পর এলাকার তারেক মিয়া (পিতা-মো. তোতা মিয়া) ও তাঁর সহযোগীরা তাঁকে জড়িয়ে হুমকি-ধমকির অভিযোগসংবলিত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।সুজাউদ্দৌলা সুজার দাবি, ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি তাঁর নয় এবং এতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে তাঁর কণ্ঠস্বরের কোনো মিল নেই। তাঁর ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে অডিওটি তৈরি কিংবা সম্পাদনা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের অডিওটির সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
