বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে আনন্দমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পলবেশরা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রনিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইন্টারমিডিয়েট একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়েই ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং দায়িত্ব পালন করবে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায়, সততা ও আদর্শের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সুশিক্ষায় আলোকিত হয়ে জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়ম-নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে পড়াশোনা করতে হবে। যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে অভিভাবকেরা তাদের সন্তানদের এখানে পাঠিয়েছেন, সেই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সবসময় সচেষ্ট থাকতে হবে।অনুষ্ঠানে সাবেক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠানের উপদেষ্টা গোলাম মাহবুব মোর্শেদ, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, কলেজ ইনচার্জ প্রভাষক টিএম আপেল মাহমুদ এবং স্কুল ইনচার্জ রাশেদুল বারী বক্তব্য দেন।বক্তারা নবীন শিক্ষার্থীদের নতুন একাডেমিক জীবনের সফলতা কামনা করেন এবং শিক্ষাজীবনে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ক্যাম্পাস ছিল উৎসবমুখর ও শোভামণ্ডিত। নতুন বন্ধু ও শিক্ষকদের সঙ্গে পরিচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের চোখেমুখে ছিল আনন্দ, আশা ও নতুন দিনের স্বপ্ন।
