Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত আইয়ুবের ৫ দিন পর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২১, ১ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত আইয়ুবের ৫ দিন পর মৃত্যু

আদমদীঘিতে প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত আইয়ুবের ৫ দিন পর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে মারপিটের ঘটনায় গুরুতর আহত আইয়ুব আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আইয়ুব আলী আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিরা গ্রামের সরদারপাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে।এর আগে গত ২৯ আগস্ট মারপিটের ঘটনায় নিহতের ভাই ফারুকের স্ত্রী আলপোনা বেগম বাদী হয়ে একই গ্রামের আরিফুল ইসলাম জনি (৪০), তাঁর মা আফরোজা (৬০) এবং করজবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহ আলমের (৫৫) বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার সান্দিরা সরদারপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম জনি ক্ষিপ্ত হয়ে মামলার বাদী আলপোনা বেগমের মাথায় ইট দিয়ে আঘাত করেন।বিষয়টি জানতে পেরে আলপোনার স্বামী ফারুক হোসেন ও তাঁর বড় ভাই আইয়ুব আলী ঘটনাস্থলে এগিয়ে আসেন। এ সময় জনৈক মনোয়ার হোসেনের ধানের জমিসংলগ্ন রাস্তায় তারা পৌঁছালে জনি তাঁদের বাঁশ দিয়ে পেটাতে থাকেন। এতে দুই ভাই গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহতদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।ঢাকায় চিকিৎসা শেষে গত ৩০ আগস্ট আইয়ুব আলীকে পুনরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।