আক্কেলপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।সকাল আটটার দিকে পৌর শহরের থানার মোড়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা।বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারি বক্তব্য দেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নেতা-কর্মীদের দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।তিনি আরোও বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ জন্য পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ।এসময় উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
