পোরশায় সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন (১২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবির ইসলাম (রিয়ন) ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে ও নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সাথে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি সাপ তার পায়ে দংশন করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে আবিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান সাপে দংশনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
