Joy Jugantor | online newspaper

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ১৮ জেলায় সতর্কতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩, ৭ মে ২০২৬

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ১৮ জেলায় সতর্কতা

ফাইল ছবি

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ ও গুমোট অবস্থা বিরাজ করছে। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।