Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে মাদ্রাসায় নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ,

ইউএনও’র কাছে একাধিক লিখিত অভিযোগ

প্রকাশিত: ২১:০৮, ২২ এপ্রিল ২০২৬

ইউএনও’র কাছে একাধিক লিখিত অভিযোগ

শাজাহানপুরে মাদ্রাসায় নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, ইউএনও’র কাছে একাধিক লিখিত অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্যা ইটালী এস.ইউ.ডি দাখিল মাদ্রাসায় নবসৃষ্ট অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের সাদিকুল ইসলাম নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তার নিকট রিসিভ কপি প্রদান করেনি। তিনি অভিযোগ করেন, আবেদন গ্রহণে গড়িমসি ও অসহযোগিতার মাধ্যমে তাকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইউএনও’র কাছে লিখিত আবেদন করেন।

এদিকে একই এলাকার হাবিবুর রহমান অভিযোগ করেন, অফিস সহায়ক পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ১৩ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে। তিনি গত ২২ এপ্রিল ইউএনও’র কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি তার নাতিকে ওই পদের জন্য আবেদন করান। তবে পরে জানতে পারেন, মাদ্রাসার সভাপতি ও সুপার গোপনে অর্থের বিনিময়ে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।অভিযোগে আরও বলা হয়, বিষয়টি এলাকায় জানাজানি হলে অন্যান্য আবেদনকারীদের মধ্যে হতাশা বিরাজ করে।এ বিষয়ে মাদ্রাসা সুপার একাধিক ফোন দিলেও তার বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান বলেন অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।