Joy Jugantor | online newspaper

ধামইরহাটে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, থানায় মামলা দায়ের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ২২ এপ্রিল ২০২৬

ধামইরহাটে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, থানায় মামলা দায়ের

ধামইরহাটে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, থানায় মামলা দায়ের

 নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ মালেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার সকালে স্থানীয় একটি পেট্রোল পাম্পে তেল পাচারের অভিযোগের খবর সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে মারধর করে, মোবাইল ফোন ভাঙচুর করে এবং প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।জানা যায়, ধামইরহাট পূর্ব বাজারে ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে পাম্প মালিকের বিরুদ্ধে তেল সরিয়ে অন্যত্র নেওয়ার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান দৈনিক ভোরের দর্পণ ও সকালের সময় পত্রিকার ধামইরহাট প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক।

সেখানে স্থানীয়দের বক্তব্য নেওয়ার সময় পাম্পটির পেটোয়া বাহিনীর সদস্য বড় চকগোপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সুফিয়ান পান্না এম এ মালেকের ওপর চড়াও হন। একপর্যায়ে পান্নার নেতৃত্বে আরও ৮ থেকে ৯ জন তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলে এবং তার কাছে থাকা প্রায় অর্ধলাখ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগী এম এ মালেক বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।” তিনি জানান, ঘটনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।