ভারতে বিএসএফ সদর দপ্তরের বাইরে রহস্যজনক বিস্ফোরণ
ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের সামনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই ঘাঁটির বাইরে বিস্ফোরণের পর একটি স্কুটারে আগুন ধরে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৮টার দিকে বিএসএফ সদর দপ্তরের বাইরে পার্ক করে রাখা একটি অ্যাকটিভা স্কুটারে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দের পর মুহূর্তেই স্কুটারটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক পানিবাহী ইউনিট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ফোরণে স্কুটারের মালিক গুরপ্রীত সিং আহত হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গুরপ্রীত একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কাজ করেন। বিএসএফ ও সেনাবাহিনীতে পার্সেল পৌঁছে দেওয়ার কাজ করতেন। তার বাবা কাশ্মীর সিং যিনি একজন সাবেক বিএসএফ কর্মী; তিনি জানিয়েছেন যে গুরপ্রীত স্কুটার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। অপরদিকে গুরপ্রীতের দাবি, তার মনে হয়েছে কেউ বোমা ছুড়ে মেরেছে।
জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ ও প্রকৃতি উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রযুক্তিগত ত্রুটি নাকি বাহ্যিক কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল, তা নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বিএসএফ সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এই রহস্যজনক বিস্ফোরণের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
